উন্নত নগর ও তরুণ সমাজ: বর্তমান ও আগামীর বাংলাদেশ
উন্নত নগর ও তরুণ সমাজ: বর্তমান ও আগামীর বাংলাদেশ লেখা:বিধান চন্দ্র পাল প্রথম আলো দৈনিকে প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৪৯ একটি নগর অনেকটা মানবজীবনের মতোই সচল। নগরকেও মানবজীবনের মতো প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে উন্নত হতে হয়। ‘উন্নত’ অর্থ অনেক কিছুই হতে পারে। তবে নগর উন্নয়নের সঙ্গে যুক্ত থাকে অর্থ, জ্ঞান ও বিজ্ঞানের চর্চায় অগ্রগতি; পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও মান বিবেচনায় রেখে নগরের ভৌত ও সংস্কৃতিগত শ্রীবৃদ্ধি এবং সর্বোপরি সব উৎপাদন, শক্তি ও সম্পদের পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারা। বাংলাদেশকে ছোট ও বড় নগরের সমন্বয় বললেও বোধ হয় এখন আর অত্যুক্তি হবে না। এই অপরিকল্পিত নগর ও আচরণের কিছু বৈশিষ্ট৵ ও কার্যকলাপ খুঁজে পাওয়া যায় যেমন: সুরম্য অবকাঠামো নির্মাণ, যত্রতত্র অপরিকল্পিত স্থাপনা, খাওয়াদাওয়া, পার্টি আয়োজন ইত্যাদি। বিশ্বের বিভিন্ন উন্নত নগর থেকে শিক্ষা নেওয়ার প্রবণতা বাংলাদেশে কিছুটা থাকলেও সচেতনতা চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের মতো করে সেগুলোকে ঢেলে সাজাবার সক্ষমতা আমরা এখনো অর্জন করতে পারিনি।
